
চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে সাত শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। শুক্রবার (১৪ আগস্ট) ভোরে একটি জাহাজে হাউসকিপিংয়ের কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ট্যাংকের ভেতরে প্রবেশ করে তিন শ্রমিকের মরদেহ উদ্ধার করেন। আহতদের দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও চারজনের মৃত্যু হয়। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে সাতজনে দাঁড়িয়েছে।
সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু করা হয় এবং আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।
ফেরদৌস স্টিল শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক ফেরদৌস ওয়াহিদ বলেন, ঘটনাস্থলেই তিনজন মারা যান। আহতদের হাসপাতালে নেওয়ার পর আরও চারজনের মৃত্যু হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
চট্টগ্রাম পুলিশ সুপার মাহমুদা বেগম বলেন, বিষাক্ত গ্যাস ছড়িয়ে সাতজন নিহত হয়েছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে।